চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন দশানী ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ, বিস্ফোরক লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে ৪ জন পেট্রোলিয়াম ব্যবসায়ীকে আটক করা হয়।

রোববার (১০ মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রহমত উল্ল্যাহ।
অভিযান চলাকালে আটককৃত চার ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করা হয়। পরে পেট্রোলিয়াম আইন-২০১৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তাদের মোট ৭৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেল মজুদ ও বিক্রিতে অনিয়ম রোধ এবং সাধারণ ভোক্তার স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন