কুমিল্লার বুড়িচংয়ে নির্মাণের তিন মাসেই ধসে পড়েছে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত একটি রিটার্নিং ওয়াল। উপজেলার এরশাদ ডিগ্রি কলেজে ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রিটার্নিং ওয়ালটি। নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়ালটি নির্মাণ করায় অল্পদিনের মধ্যেই তা ধসে পড়ে।
খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন।
বিষয়টি নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে জেলা পরিষদ প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে পুকুরপাড় সংরক্ষণের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে ১০ লাখ টাকা ব্যয়ে একটি রিটার্নিং ওয়াল নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে ঠিকাদারি দায়িত্বে ছিল মেসার্স দীপ্ত এন্টারপ্রাইজ। কাজ শেষ হওয়ার মাত্র তিন মাস না পেরোতেই ওয়ালের এক পাশজুড়ে বড় ধরনের ফাটল দেখা দেয়। সম্প্রতি ওয়ালের এক-তৃতীয়াংশ ধসে পুকুরে পতিত হয়। তবে এ বিষয়ে মেসার্স দীপ্ত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে ফোন করেও পাওয়া যায়নি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। খবর পেয়ে এমপি এসে ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা জেলা পরিষদ বরাবর ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করেছি ।
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন বলেন, তিন মাসের মধ্যে একটি রিটার্নিং ওয়াল ধসে পড়বে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পরিষদের প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করেছি।
মন্তব্য করুন