বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি, গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার সংলগ্ন এলাকায় নিজ হাতে বোমা তৈরির চেষ্টা করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে এক মাদ্রাসা ছাত্র। আহত ছাত্রের নাম মোঃ মতিউর মোল্লা (পিতা: মোস্তাক মোল্লা)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় মতিউর নিজ বাড়িতেই অবস্থান করছিল। এ সময় সে গোপনে বোমা তৈরির চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। সোমবার সন্ধ্যার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে দেখতে পান, বিস্ফোরণে মতিউরের ডান হাত ও আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতাল এ রেফার করা হয়।
ঘটনার খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ বিষয়ে মতিউরের পিতা জানান, তার ছেলে গোপালগঞ্জের ভেন্নাবাড়ি মাদ্রাসায় পড়াশোনা করে এবং সাধারণত পড়ালেখায় মনোযোগী ছিল। তবে সে এমন ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়েছে—এটা তিনি কখনো কল্পনাও করেননি।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুব আলী বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কীভাবে এবং কেন সে বোমা তৈরি করতে গেল—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
মন্তব্য করুন